স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানান। এ সময় মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনকে ঘিরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও পর্যায়ক্রমে স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিরোধীদলীয় নেতারাও ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি পালিত হচ্ছে। দিবসটি ঘিরে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসি//