সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
সশস্ত্র বাহিনীকে আরও সক্ষম ও শক্তিশালী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই। যেকোনো দেশে সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়, আমরা সেই উদ্দেশ্যই পূরণ করতে চাই, যেন আমরা সকলে দেশের জন্য কাজ করতে পারি।
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে একই স্থানে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫৫ মিনিটে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা।
দীর্ঘ বিরতির পর এবারের স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ আবারও ফিরে আসে। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশপথে প্রদর্শিত হয় দেশের প্রতিরক্ষা সক্ষমতা। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এতে অংশ নেন।
কুচকাওয়াজে সাজোয়া যান, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, প্যারা কমান্ডোসহ বিভিন্ন ইউনিট অংশ নেয়। পাশাপাশি আকাশে প্যারাট্রুপারদের অবতরণ ও বিমান বাহিনীর কৌশলগত প্রদর্শনী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
দিনটির শুরুতে সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি বীর উত্তম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন।
এমএ//