বিশ্ব বাজারে বাড়লেও দেশে তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের সফলতা। পূর্ব পরিকল্পনা গ্রহণ করায় এমনটি সম্ভব হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে সরকার জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি সত্ত্বেও বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হচ্ছে।
তিনি বলে, বিদ্যুৎ ও সারের সরবরাহ স্বাভাবিক রেখে কৃষি উৎপাদন সচল রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। বিশ্বের অনেক দেশে জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও বাংলাদেশে সুপরিকল্পিত ব্যবস্থার কারণে তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামীকাল (২৯ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আই/এ