আন্তর্জাতিক

মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানকে ঘিরে চলমান সংঘাতে নতুন কূটনৈতিক বার্তা দিল স্পেন। দেশটি জানিয়েছে, এই যুদ্ধে জড়িত মার্কিন সামরিক বিমানের জন্য তাদের আকাশসীমা আর ব্যবহার করতে দেয়া হবে না।

সোমবার (৩০ মার্চ) স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইরান সংশ্লিষ্ট কোনো সামরিক কার্যক্রমে স্পেন তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।

এর আগে থেকেই যুক্তরাষ্ট্রের জন্য যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছিল স্পেন। এবার সেই অবস্থান আরও কঠোর করে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পথে হাঁটল দেশটি।

মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রবেলস স্পষ্ট করে জানান, ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত কোনো কার্যক্রমে স্পেনের ভূমি বা আকাশ ব্যবহারের সুযোগ নেই।

এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে এখন বিকল্প রুট বেছে নিতে হতে পারে। তবে জরুরি বা বিশেষ ধরনের ফ্লাইটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানা গেছে।

এ বিষয়ে স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হওয়া একটি যুদ্ধে সমর্থন না দেয়ার নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন। অন্যদিকে, স্পেনের এই অবস্থানের জেরে দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইরান ইস্যুতে বাড়তে থাকা মতবিরোধকে আরও স্পষ্ট করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন