সারা দেশে একদিনে অবৈধ মজুত করা ৮৮ হাজার লিটার তেল উদ্ধার
সারা দেশে এক দিনে অভিযান চালিয়ে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। কারাদণ্ড দেয়া হয়েছে ৩ জনকে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হলো।
মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্ম সচিব) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল সোমবার (৩০ মার্চ) সারা দেশে ৩৯১টি অভিযান চালানো হয়। মামলা হয় ১৯১টি। মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে একজন করে মোট তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন ও ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল জব্দ করা হয়েছে এসব অভিযানে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, মার্চ মাসে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৪৪টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৮৪ লাখ ৫১ হাজার টাকা। কারাদণ্ড পেয়েছেন ১৯ জন। এ পর্যন্ত মোট ডিজেল উদ্ধার হয়েছে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার। অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার। পেট্রল ৬০ হাজার ২ লিটার।
দেশে বর্তমানে ডিজেলের মজুত আছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। অকটেন রয়েছে ৭ হাজার ৯৪০ টন। পেট্রল ১১ হাজার ৪৩১ টন। জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।
জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিয়মিত আমদানি ও খালাসপ্রক্রিয়া চলমান থাকায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। বর্তমানে বড় ধরনের কোনো সংকট নেই। তবে অবৈধ মজুত ও বাজারে অস্বাভাবিক চাহিদা ঠেকাতে সারা দেশে অভিযান জোরদার করা হয়েছে।
আই/এ