দোকান-শপিংমল রাত ৮টায় বন্ধের খবর সঠিক নয় : দোকান মালিক সমিতি
চলমান জ্বালানি সংকটে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে আগামী শনিবার সিদ্ধান্ত হবে।
বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
তিনি বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, কেউ বা কারা দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং তা প্রচারও শুরু করেছে। এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ দোকান মালিক সমিতি এখনও এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি”।
তিনি আরও জানান, আগামী শনিবার দুপুরে জ্বালানি মন্ত্রী একটি সভা ডেকেছেন। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। সারা দেশের জেলা সমিতির প্রতিনিধিরাও সভায় যোগ দিতে ঢাকায় আসবেন।
হেলাল উদ্দিন বলেন, সভায় মিলিতভাবে আলোচনা করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে পারে সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু জানান, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ। সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।
তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন।
আই/এ