রাজধানীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২জনের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (০৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে চালক ও যাত্রী দুজনই ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
এমএ//