আন্তর্জাতিক

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা করেনি ইরান, দাবি আইআরজিসির

সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির প্রধান সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলছে, এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

শনিবার (০৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানায়, আইআরজিসি দাবি করেছে হামলাটি ইসরায়েলের পক্ষ থেকেই চালানো হয়েছে। তাদের ভাষ্য, এটি ‘জায়নিস্টদের পরিকল্পিত আক্রমণ’।

এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, গেল ৩ মার্চ রিয়াদের মার্কিন দূতাবাসে আত্মঘাতী ড্রোন হামলা চালায় ইরান। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে যা বলা হয়েছে, বাস্তবে তা আরও বেশি ছিল।

যদিও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে সীমিত ক্ষতির ঘটনা হিসেবে উল্লেখ করেছে, তবে কিছু সূত্রের দাবি, আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলতে থাকে।

এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করে আইআরজিসি বলেছে, মুসলিম দেশগুলোকে ‘জায়নিস্ট ষড়যন্ত্র’ সম্পর্কে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তারা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

ইরানের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর উচিত এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন