নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার যদি পরীক্ষা কেন্দ্রে নকল করা হয় তাহলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন। এমনকি প্রতিষ্ঠানের শৌচাগারেও যদি কোনো নকল পাওয়া যায়, তার জন্য প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে।
শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় আমার এবাদতখানা। সেই এবাদতখানার দায়িত্ব আমি পেয়েছি। সেখানে আপনাকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় দেশের আর দশটা মন্ত্রণালয়ের মতো নয়। এখানে অসৎ কাজ করা যায় না। এ মন্ত্রণালয়ে আমার সঙ্গে কাজ করছেন শ্রদ্ধেয় শিক্ষকরা। আপনারা (শিক্ষক) যদি শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে আপনারা সাদগাহে জারিয়ার সাওয়াব পাবেন’।
তিনি বলেন, এ বছর যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস করবে, তাদের এমপিও বাতিল হবে না। আপনারা এক বছরের গ্রেস পাচ্ছেন। এরপরে শূন্য পাস করলে এমপিও বাতিল হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস করলে ওই শিক্ষকের ওসমানী মিলনায়তনে নিয়ে শোনানোর কথাও বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘কেন্দ্রের প্রত্যেক কক্ষে সিসি ক্যামেরা থাকবে। কারসাজি হয় এমসিকিউএর সময়ে। তাই সেসময় ৩০ মিনিট যান্ত্রিক গোলযোগ ছিল বলার কোনও সুযোগ নেই। বিদ্যুৎ না থাকলে আইপিএসের ব্যবস্থা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের।’
এহসানুল হক মিলন বলেন ‘নামিদামি স্কুলগুলোর জন্য মা-বাবারা খুব বেশি সচেতন থাকেন। সেখানে দেখা যায়, কোচিং সেন্টারেই বেশি ইন্টারেস্ট। আমি সার্কুলার দেব না, আইন করব না, অটোমেটিক্যালি বন্ধ করব’।
কুমিল্লা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার কবির আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম।
আই/এ