দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গ নিয়ে ৫১ শিশু হাসপাতালে, শনাক্ত ৭ জন

ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে

শনিবার (৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ২৭ জন শিশু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

হাম আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে পৃথক আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। সেখানে রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে সরেজমিনে দেখা গেছে, আইসোলেশন ওয়ার্ডে ১০টি শয্যার বিপরীতে ২৭ জন রোগী ভর্তি থাকায় অনেককেই মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে গরমের মধ্যে ভোগান্তির কথা জানিয়েছেন রোগীর স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে জানা যাবে আক্রান্তরা হাম রোগে ভুগছে কি না।

চিকিৎসকরা জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের ভিটামিন ক্যাপসুল দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের অবস্থা অনুযায়ী নিয়মিত চিকিৎসা দিচ্ছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন