প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুব্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে আনন্দ ভোঁসলে। তিনি জানান, আগামীকাল সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল শনিবার গুরত্বর অসুস্থ হয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তার নাতনি জানাই ভোঁসলে জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন আশা ভোঁসলে। এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হন। তারপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় আট দশকের দীর্ঘ সংগীতজীবনে আশা ভোঁসলে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। “পিয়া তু আব তো আজা”, “কাজরা মোহাব্বত ওয়ালা”, “রঙ্গিলা রে” এবং “দিল চিজ কেয়া হ্যায়”—এর মতো গান তাকে অমর করে রেখেছে শ্রোতাদের হৃদয়ে। চলতি বছরের ৮ সেপ্টেম্বর তার ৯৩ বছরে পা রাখার কথা ছিল।
মাত্র ১০ বছর বয়সে মারাঠি চলচ্চিত্র মাঝা বাল-এ “চলা চলা নব বালা” গান গেয়ে তার যাত্রা শুরু হয়। ক্যারিয়ারের শুরুতে নাচের গানের গায়িকা হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে গজল ও শাস্ত্রীয় সংগীতে অসাধারণ দক্ষতা দেখিয়ে নিজের বহুমুখিতা প্রমাণ করেন তিনি।
সূত্র: এনডিটিভি
এমএ//