বিতর্কের মুখে ট্রাম্পকে দেয়া ‘ফিফা শান্তি পুরস্কার’
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ‘ফিফা শান্তি পুরস্কার’ তুলে দেয়ার পর যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নতুন করে তীব্র হয়েছে। এবার ওই পুরস্কার বাতিলের দাবি তুলেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, ফুটবলের সঙ্গে সরাসরি সম্পর্কহীন এমন পুরস্কার প্রদান বন্ধে তারা ফিফাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে। সাংবাদিকদের তিনি বলেন, এই পুরস্কার বাতিল করা উচিত, কারণ এমন স্বীকৃতি দেয়া ফিফার দায়িত্বের আওতায় পড়ে না।
তার মতে, শান্তি পুরস্কারের মতো বিষয় স্বাধীনভাবে নোবেল ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানের মাধ্যমেই হওয়া উচিত।
ক্লাভেনেস আরও অভিযোগ করেন, ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেওয়া এই পুরস্কার ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফিফার অভ্যন্তরীণ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তিনি দাবি করেন।
এনএফএফ জানিয়েছে, ‘ফেয়ারস্কয়ার’ নামের একটি প্রচারগোষ্ঠী ফিফার নৈতিকতা কমিটির কাছে যে অভিযোগ দায়ের করেছে, নরওয়ে সেটিকেও সমর্থন দেবে।
ধারণা করা হচ্ছে, আগামী ৩০ এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে শুরু হতে যাওয়া ফিফা কংগ্রেসে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন লিসে ক্লাভেনেস।
উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ নিয়ে আলোচনা চলার মধ্যেই ট্রাম্পকে ফিফার পক্ষ থেকে এই ‘শান্তি পুরস্কার’ দেয়া হয়। সমালোচকদের ধারণা, ফিফা সভাপতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এই সম্মাননা দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে ব্যাপক প্রশ্নের জন্ম দেয়।
এসি//