কালবৈশাখীর তাণ্ডবে ভেঙেছে মোবাইল টাওয়ার, বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত। ঝড়ের তাণ্ডবে ভেঙেছে মোবাইল টাওয়ার, মসজিদ এবং ঘরবাড়ি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল দমকা হাওয়ায় টাওয়ারটি ভেঙে পাশের খালে পড়ে যায়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মোবাইল গ্রাহকরা।
এদিকে, ঝড়ের সময় কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর বাজার এলাকায় সড়কের ওপর গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ওপর গাছ পড়ে মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, মঈনপুর বাজারের ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাদৈর বাজার এলাকার সড়ক থেকেও গাছ সরানোর কাজ চলছে। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ে স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কসবা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখীর তাণ্ডবে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং টিনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আই/এ