ইরানের সবশেষ প্রস্তাব গ্রহণে আগ্রহী নন ট্রাম্প
হরমুজ প্রণালি পুনরায় চালু ও যুদ্ধের অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব গ্রহণে অনাগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন যে তিনি এই পরিকল্পনা গ্রহণের সম্ভাবনা কম দেখছেন। কারণ, এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক সক্ষমতার মূল প্রশ্নগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য হবে না যা ভবিষ্যতে ইরানকে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়।
ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে এবং যুদ্ধ বন্ধ হলে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে রাজি। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে করার কথা বলা হয়েছে।
বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকলেও হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা বজায় রয়েছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
অন্যদিকে, প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেল ও জ্বালানির দাম বেড়ে গেছে। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও রাজনৈতিক চাপ বাড়ছে। বিশেষ করে জ্বালানি, খাদ্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলারের ওপরে উঠে গেছে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেল ৪ দশমিক ১৮ ডলারে বিক্রি হচ্ছে।
এমএ//