শিল্প

বিএসটিআই’র মহাপরিচালক হলেন কাজী ইমদাদুল হক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ নিয়োগের পর রোববার (০৩ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগ দেন।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি সাহিত্য ও গবেষণা অঙ্গনেও পরিচিত মুখ কাজী ইমদাদুল হক। বিসিএস (কর) ক্যাডারের সপ্তম ব্যাচের এই কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর থেকে কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। বিশেষ করে কর কমিশনার ও লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটের (এলটিইউ) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় রাজস্ব আহরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। আন্তর্জাতিক করনীতি ও দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে।

এছাড়া ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন কাজী ইমদাদুল হক। বিশ্ববিদ্যালয় জীবনে সাহিত্য প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জাতীয় টেলিভিশন বিতর্কেও অংশ নেন নিয়মিত।

গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা’ রচনার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা ও গণমাধ্যমে আয়করবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে কর সচেতনতা বৃদ্ধিতেও কাজ করেছেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন