সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১০৮টি ফ্লাইটে এসব হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন বলে জানা গেছে।
রোববার (০৩ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করেছে।
বুলেটিন অনুযায়ী, শনিবার (২ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ১৯ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।
এদিকে চলতি বছরে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ। এর মধ্যে মক্কায় পাঁচজন এবং মদিনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে।