রাজধানী

ট্রাফিক আইন ভাঙলেই অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা জারি

ছবি: ফাইল ছবি

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর নজরদারি ও আইনি ব্যবস্থা আরও কঠোর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সড়কে স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়া ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এখন স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের কাছে।

রোববার (০৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র ব্যবহার করা হচ্ছে। এসব তথ্য ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে অটো জেনারেটেড নোটিশ পাঠানো হচ্ছে।

নোটিশ পাওয়ার পর গাড়ির মালিক বা চালকদের ডিএমপি সদর দপ্তর কিংবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে। জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও পরিশোধ করা যাবে।

ডিএমপি আরও জানিয়েছে, নোটিশ পাওয়ার পরও কেউ হাজির না হলে তার বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসব কার্যক্রম স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে পরিচালিত হবে।

পাশাপাশি সাধারণ মানুষকে প্রতারণা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, সিসি ক্যামেরায় ধরা পড়া মামলার নামে কেউ ব্যক্তিগতভাবে টাকা দাবি করলে বা তথ্য চাইলে তা বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে হবে।

সম্প্রতি রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও মোড়গুলোতে এআই প্রযুক্তিসমৃদ্ধ আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করেছে ডিএমপি। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং এবং লেফট লেন দখলের মতো ট্রাফিক অপরাধ শনাক্ত করে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন