আন্তর্জাতিক

বিজেপির প্রার্থী হিসেবে জয়ী আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা

ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের পানিহাটিতে আলোচিত আরজি কর হাসপাতাল কাণ্ডে নিহত চিকিৎসক ডা. মৌমিতা দেবনাথের মা রত্না দেবনাথ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

ফলাফল ঘোষণা হওয়ার পর আবেগে ভেঙে পড়েন রত্না দেবনাথ। চোখের পানি সামলে তিনি বলেন, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। তার দাবি, বাংলার নির্যাতিত নারীদের পক্ষেই মানুষ রায় দিয়েছে।

পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে কামারহাটি, খড়দহ, পানিহাটি, বারানগর, দমদম ও দমদম উত্তর—এই ছয় কেন্দ্রের ভোট গণনা চলার সময়ই করিডোরে অপেক্ষা করছিলেন তিনি। ধীরে ধীরে ফলাফলের ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গে তার জয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে।

রাজনীতির সঙ্গে আগে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও এই ঘটনায় নিজেকে জড়িয়ে পড়ার কথা জানান রত্না দেবনাথ। তিনি বলেন, নরেন্দ্র মোদীর আহ্বানেই তিনি নির্বাচনে অংশ নেন। তার ভাষায়, প্রথমবার কোনো প্রধানমন্ত্রী পানিহাটিতে এসে নির্বাচনী প্রচারে অংশ নেন, এবং সেটি ছিল তার মেয়ের জন্য এক আবেগঘন মুহূর্ত।

ভোট গণনার সময় প্রতিদ্বন্দ্বীরা যখন ফলের ওঠানামা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন রত্না দেবনাথ ছিলেন শান্ত ও সংযত। তৃণমূল কংগ্রেস ও বাম প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকলেও তিনি প্রকাশ্যে কোনো উচ্ছ্বাস দেখাননি। ফলাফল ঘোষণার পরই তিনি প্রতিক্রিয়া জানান।

জয়ের পর তিনি বলেন, এই রায় পানিহাটির মানুষকে হুমকি ও ভয়ের সংস্কৃতি থেকে মুক্তি দেবে। একই সঙ্গে তিনি জানান, তার লড়াই শুধু ব্যক্তিগত নয়, এটি সারাদেশে আলোচিত হয়েছে। যারা তার পাশে ছিলেন, তাদের প্রত্যাশা পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রত্না দেবনাথ বলেন, তিনি কাউকে হিংসার পথে যেতে উৎসাহ দেবেন না। তার লক্ষ্য সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। তিনি নিজেকে রাজনীতিবিদ হিসেবে নয়, একজন প্রতিবাদী মা হিসেবেই দেখতে চান বলে মন্তব্য করেন।

নিজের হাতে থাকা ধর্মীয় প্রতীকযুক্ত সুতো দেখিয়ে তিনি বলেন, তার হারানোর কিছু নেই। এই জয় বাংলার প্রতিটি মেয়ের লড়াইকে আরও শক্তি দেবে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল পানিহাটিতে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে রত্না দেবনাথের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে শুভেচ্ছা জানান। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য তখন এক্স-এ মন্তব্য করেন, ক্ষমতা যে কষ্টের সামনে নত হয়, তা খুবই বিরল দৃশ্য।

 

এসি//

 
 

এ সম্পর্কিত আরও পড়ুন