আন্তর্জাতিক

লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার (০৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে। সেখানে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা বুধবার (০৬ মে) দুপুর ২টায় টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।

গত ১৬ এপ্রিল থেকে এই দুই শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশের সহায়তা চান।

তদন্তের এক পর্যায়ে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি কালো ব্যাগের ভেতর লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডিগ্রি প্রদানের এই সিদ্ধান্ত তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানোর অংশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন