দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। শনিবার (০৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা রেহেনা বেগম (৬০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি বদিউল আলমের স্ত্রী। আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির কারণে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বহু যাত্রী আহত হন।
এমএ//