দেশজুড়ে

মিয়ানমারে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

কক্সবাজারের  উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক

শনিবার (৯ মে) দুপুরে নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফের জেটিঘাটে নিয়ে আসা হয়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায় ,  ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমার জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরবর্তীতে দেশটির অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল তাদের। মানবিক দিক বিবেচনায় আটক জেলেদের উদ্ধারে বিজিবি কক্সবাজার রিজিয়ন  আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ সমন্বয় ও আলোচনার পর আজ তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। মানবিক সংকট নিরসনে বিজিবির পেশাদারিত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে।

ফেরত আসা জেলেদের বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন