বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছ ধরার ট্রলারডুবি
পটুয়াখালীর মহিপুরের আলীপুর মৎস্যবন্দর থেকে সাগরে মাছ ধরতে গিয়ে ১৫ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে কাছাকাছি থাকা আরেকটি ট্রলারের সহায়তায় দুর্ঘটনার শিকার সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান এখনো পাওয়া যায়নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারের মাঝি মূসা জানান, সকালে আলীপুর বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে তারা সাগরে যাত্রা করেন। কিছুদূর যাওয়ার পর উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারের পটাতন ফেটে যায়। এতে ভেতরে পানি ঢুকে দ্রুত ডুবতে শুরু করে ট্রলারটি।
পরে ১৫ জেলে সাগরে ভাসতে থাকলে কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলারের লোকজন তাদের দেখতে পান। এরপর তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়।
ট্রলারটির মালিক মিজানুর রহমান জানান, মাছ ধরার জন্য ট্রলারটি সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলেদের নিরাপদে উদ্ধারের বিষয়টি তিনি জানতে পারেন। এখন ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সেটি উদ্ধারে চেষ্টা চলছে।
এমএ//