বিজয়ের শপথে উচ্ছ্বসিত তৃষা, অভিনেতার স্ত্রীকে নিয়ে বাড়ছে কৌতূহল
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনার দিনে আলোচনার বড় একটি অংশ জুড়ে ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
রোববার (১০ মে) তামিল সুপারস্টার থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঐতিহাসিক মুহূর্তে তাকে শুভেচ্ছা জানাতে ও সেই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে চেন্নাইয়ের বাসা থেকে বের হন তৃষা। সকালেই সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে তার উচ্ছ্বসিত উপস্থিতি।
দিনটির গুরুত্ব যেন তার অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল। মুখভরা হাসি আর উজ্জ্বল উপস্থিতিতে তৃষাকে দেখা যায় টিল ও সোনালি রঙের শাড়িতে, যার সঙ্গে ছিল ক্রিম রঙের ব্লাউজ। আভিজাত্য আর সৌন্দর্যের মিশেলে তার এই উপস্থিতি দ্রুতই ভক্তদের নজর কাড়ে।
বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকেরা যখন বলেন, ‘আজ তামিলনাড়ুর জন্য বড় দিন’, তখন হাসিমুখেই তৃষা জবাব দেন, ‘হ্যাঁ, ধন্যবাদ... অপেক্ষায় আছি।’
এ সময় তার সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণানও।

এরপর গাড়িতে উঠেও অভিনেত্রীকে হাসিমুখে ফোন স্ক্রল করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তৃষার বাসার আশপাশে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ছিল। অনুষ্ঠানে পৌঁছে তিনি অন্য অতিথিদের শুভেচ্ছা জানান এবং দূরে বসা পরিচিতদের দিকে হাতও নেড়ে অভিবাদন জানান। বিজয়ের মা শোভাকেও শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে।
তবে শপথ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রীকে দেখা যায়নি। বিজয়ের বিশেষ দিনে হাজির হননি তিনি। গত কয়েক মাস ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে খবর ছড়ায়, প্রায় তিন দশকের সংসারের পর বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম বিচ্ছেদের আবেদন করেছেন। এরপর মার্চে একটি বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই রঙের পোশাকে দেখা গেলে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।
এর আগেও বিভিন্ন সময় তৃষার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়েছিল। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিজয় বা তৃষা।
এদিকে গুঞ্জন ওঠে, সম্পর্কের কারণে তৃষা নাকি সিনেমা থেকেও দূরে সরে যাচ্ছেন। তবে সে সময় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে অভিনেত্রী লিখেছিলেন, শুনলাম আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি, এমনকি চার সন্তানের মা ও হয়ে গেছি! আর কিছু বাকি আছে?
সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু নির্বাচনে বিজয়ের দল বড় সাফল্য পায়। পরে জোট গঠনের মাধ্যমে সরকার গঠন নিশ্চিত করে তার দল। আর সেই পথচলার গুরুত্বপূর্ণ দিনেই তৃষার উপস্থিতি ও উচ্ছ্বাস নতুন করে আলোচনায় এনেছে তাঁদের সম্পর্কের গুঞ্জনকে।
এসি//