দেশজুড়ে

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তবে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক নিয়ে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগমারা-বাঘচালা এলাকায় গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে মাইকিং ও চিৎকার দিয়ে আশপাশের মানুষকে জড়ো করে চারদিক থেকে চোরদের ধাওয়া দেয়।

স্থানীয়রা জানান, চোরচক্রের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

পরে উত্তেজিত জনতা চুরির কাজে ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ট্রাকটি আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি শহিদুল ইসলাম বলেন, “গরু চুরি করতে আসা সন্দেহে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন