ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরু: শপথের পর প্রথম ভাষণে থালাপাতি
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবেই তুলে ধরলেন অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতি। রোববার (১০ মে) চেন্নাইয়ে শপথ গ্রহণের পর দেওয়া ভাষণে তিনি বলেন, কোনো রাজনৈতিক বংশ বা রাজকীয় পরিবারের সদস্য না হয়েও জনগণের ভালোবাসা ও আস্থার কারণেই তিনি আজ এই অবস্থানে পৌঁছেছেন।
৫১ বছর বয়সী এই নেতা বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। বরং “প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের নতুন যুগ” গড়ে তোলাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। একইসঙ্গে সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান তিনি।
বিজয় বলেন, “আমাকে অনেকে ‘মামা’ কিংবা ‘থাম্বি’ বলে ডাকেন, আমি সেটা সানন্দে গ্রহণ করি। তবে সরকারে আমার বাইরে আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যের নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
নতুন মুখ্যমন্ত্রী জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে একটি ‘হোয়াইট পেপার’ প্রকাশের বিষয়ও বিবেচনা করছে তার সরকার।
বিজয়ের নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় দেখা গেছে। নয় সদস্যের এই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন কে এ সেনগোট্টাইয়ানের মতো অভিজ্ঞ নেতা এবং ডা. টি কে প্রভু ও এস কীর্তনার মতো তরুণ মুখ।
শপথ নেওয়ার পর সরকারি নথিতে প্রথম স্বাক্ষরেই গৃহস্থালি গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেন বিজয়। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের উদ্যোগও নেন তিনি।
তবে সরকার গঠনে গুরুত্বপূর্ণ সমর্থন দিলেও কংগ্রেসের কোনো নেতাকে মন্ত্রিসভায় রাখা হয়নি। এ নিয়ে ইতোমধ্যে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬২৪ কোটি রুপি। এর মধ্যে ২১৩ কোটি রুপি বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রয়েছে এবং প্রায় ১০০ কোটি রুপি স্থায়ী আমানতে বিনিয়োগ করা হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
এমএ//