কর্মমুখী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করে পুনর্গঠন এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকার ইতোমধ্যে প্রাথমিক স্তর থেকে উচ্চতর শিক্ষা পর্যন্ত পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর কাজ শুরু করেছে, যেখানে শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও বাস্তবমুখী দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। সে লক্ষ্যেই কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইনোভেশন গ্র্যান্ট চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি ভবিষ্যৎ কর্মমুখী প্রজন্ম গড়ে তুলতে স্কুল স্তর থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সীমিত সম্পদ থাকলেও তার কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। মেধা পাচার ঠেকিয়ে দেশীয় মেধাকে বিকশিত করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার।
তারেক রহমানের ভাষায়, এমন একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা, দক্ষতা ও সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর সুযোগ পাবে।
ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী।
এসি//