আন্তর্জাতিক

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কড়া বার্তা শুভেন্দুর

ভোটে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ হারালেও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় কোনও ধরনের শিথিলতা চলবে না- দায়িত্ব নেয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই এমন কড়া বার্তা দিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার (১১ মে) নবান্নে রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই শুভেন্দু  স্পষ্ট নির্দেশ দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা যাবে না। 

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র বিরোধী নেত্রী হিসেবে নয়, দীর্ঘদিনের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রবীণ রাজনীতিক ও প্রশাসক হিসেবেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রশাসনিক সূত্রের খবর, কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কালীঘাটের বাসভবন, যাতায়াত, রাজনৈতিক কর্মসূচি কিংবা জনসভা—সব ক্ষেত্রেই মমতার নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা বলয়ে কোনও ফাঁক, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর নিয়ম মেনে কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে নিরাপত্তা কিছুটা কমানো হলেও, নতুন সরকারের প্রথম প্রশাসনিক পদক্ষেপেই সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হলো।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা নিয়ে পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন শুভেন্দু। প্রশাসনের একাংশের প্রশ্ন, একজন সাংসদের ক্ষেত্রে এত উচ্চস্তরের নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না। সেই কারণেই তার নিরাপত্তা কাঠামো, বিশাল নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কার সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় রদবদলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্রের দাবি।

রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপে একদিকে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সৌজন্যের বার্তা দেয়া হয়েছে, অন্যদিকে প্রশাসনিক প্রয়োজনের নিরিখে ভিআইপি নিরাপত্তা কাঠামো পুনর্মূল্যায়নের ইঙ্গিতও স্পষ্ট। বিশেষ করে ভোট-পরবর্তী অস্থিরতা এবং শুভেন্দুর ঘনিষ্ঠ সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পর রাজ্যের হাই-প্রোফাইল ব্যক্তিদের নিরাপত্তা প্রশ্নে প্রশাসন যে আরও সতর্ক, সোমবারের বৈঠক সেই বার্তাই জোরালো করেছে।

সূত্র: আনন্দবাজার 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন