এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের প্রস্তুতির সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। এ ছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) নেত্রী নেহা বোরা ও আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দিল্লিতে অবস্থান কর্মসূচি পালনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়। পরে তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
মমতার দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছিল না। পুলিশ তাকে আটকে রাখে এবং কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে দিচ্ছিল না। এ পরিস্থিতিতে তিনি দলীয় কর্মীদের নিয়ে বাড়ির সামনেই অবস্থান নেন। এরপরই তাকে আটক করে দিল্লি পুলিশ।
এর আগে একই বিক্ষোভে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়।
বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরজুড়ে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে ব্যারিকেড ও যানবাহন চলাচল ঠেকাতে স্পাইক স্ট্রিপ।
প্রসঙ্গত, নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। এ দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন তারা।
এমএ//