চামড়া শিল্প একটি বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের খাতে পরিণত হবে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চামড়া শিল্পের দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। আল্লাহর তৌফিক থাকলে বাংলাদেশে চামড়া শিল্প একটি বিলিয়ন ডলারের রফতানি আয়কারী খাতে পরিণত হবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মাত্র আড়াইমাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়। একটু সময় দিতে হবে। এই সাময়িক ও জরুরি সময়ে যেন এক পিস চামড়াও নষ্ট না হয়, সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এটি শুধু একটি শিল্প নয়, বরং আমাদের জাতীয় সম্পদ।
তিনি বলেন, বিজ্ঞান গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই। গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়। ভবিষ্যতের উদ্ভাবনকে এগিয়ে নেয়। উদ্ভাবনী চিন্তাই দেশের অর্থনৈতিক সমাধান দিতে পারে।
তিনি আরও বলেন, একটি দেশের অগ্রগতির মূল শক্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও গবেষণা। গবেষণা ও উদ্ভাবনই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। দেশের নানা সমস্যার সমাধান দেশীয় গবেষণা থেকেই আসতে হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের উদ্ভাবন কিংবা পেঁয়াজ ও আলু সংরক্ষণে দেশীয় প্রযুক্তি ব্যবহার দেশের বাস্তব চাহিদা থেকেই এসেছে এবং এগুলোই গবেষণার সফল প্রয়োগ।
আই/এ