তিন বছরের শিশুকে ধর্ষণ, পুলিশসহ অভিযুক্তকে অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ জনতা
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে উত্তেজিত জনতা পুলিশকে আসামি নিয়ে যেতে বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকার বিসমিল্লাহ ম্যানশন এর সামনে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে পরিবারের সদস্যরা ওই শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ।
পরে অভিযুক্তকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। এ সময় জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয়রা দাবিতে অনঢ় থাকায় রাত ৮টার দিকে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এলাকাবাসী। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার দাবি করেছেন স্থানীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকা থেকে পুলিশ এখনও অভিযুক্তকে নিয়ে বের হতে পারেনি।
আই/এ