সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি
পবিত্র ঈদুল আজহার আগে আজ রোববার (২৪ মে) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদকে কেন্দ্র করে সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।
আগেই ২৮ মে ঈদুল আজহা ধরে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
তবে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওই বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণার পাশাপাশি এর পরিবর্তে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা। এসব খাতে কর্মরত কর্মী ও সংশ্লিষ্ট যানবাহনও ছুটির অন্তর্ভুক্ত হবে না।
একই সঙ্গে হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবাও চালু থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন এবং জরুরি দায়িত্বে থাকা অফিসগুলোও এই ছুটির বাইরে থাকবে।
উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এসি//