দেশজুড়ে

গরু আনতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ছবি: ফাইল ছবি

নেত্রকোনার মদন উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম এরশাদ বাগজান গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁ’র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির সামনে ঘাস খাওয়ার জন্য গরু মাঠে রেখে আসেন এরশাদ। পরে সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলে গরুগুলো আনতে মাঠে যান তিনি। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি।

বৃষ্টি শেষে স্থানীয় লোকজন তাকে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী আশরাফুল ইসলাম আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে তার জানা ছিল না।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার জানান, নতুন ইউএনও যোগদান করেছেন এবং বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিআইওকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

পিডি/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন