পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান
বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। আজ বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৫ সালের জুলাইয়ে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।
শিক্ষা ও অর্থনীতি খাতে বিশ্বজুড়ে কাজ করা ড. জোবায়দুর রহমান একজন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু হয়।
পরে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কসহ ইতালি ও রাশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ‘বিশ্বব্যাংক’-এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই সুবাদে বিশ্বের ৭০টিরও বেশি দেশে অর্থনৈতিক উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত 'জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস' (ZUMS)-এর উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
আর/আই