ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৫
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক খাদে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। নিহতরা সবাই ঈদযাত্রায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রাকে করে যাচ্ছিলেন।
সোমবার (২৫ মে) ভোরে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, প্রায় ৩০ জন যাত্রী নিয়ে রডবোঝাই ট্রাকটি উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। ভোরের দিকে মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। আহত সাতজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এসি//