ঈদের টানা ছুটিতেও আজ সীমিত পরিসরে খোলা ব্যাংক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটিতে দেশের ব্যাংকগুলো বন্ধ থাকলেও বিশেষ প্রয়োজনে আজ মঙ্গলবার (২৬ মে) সীমিত আকারে কিছু শাখা খোলা রাখা হয়েছে। মূলত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
খোলা থাকা শাখাগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ বিষয়ে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য বিশেষ ব্যাংকিং ব্যবস্থা চালু রাখা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়া দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংকের শাখা, উপশাখা ও বুথে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটির সময়ও, ঈদের দিন ছাড়া, আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সীমিত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।
এসি//