ইসরাইলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
দখলদার ইসরাইলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জানা গেছে, দুই দফায় এ হামলা পরিচালনা করা হয়েছে।
সোমবার (০৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এর প্রায় ২০ মিনিট পর, সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের মধ্যাঞ্চলের বীরশেবা শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
এর আগে রোববার (০৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরাইল। এর জবাবে রাতে ইরান ইসরাইলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সোমবার (০৮ জুন) সকালে, যখন ইসরাইল ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ তিনটি শহরে পাল্টা হামলা চালায়। একই সময় ইয়েমেনের হুতি গোষ্ঠীও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা যায়।
এরপর পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় ইরান আবারও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
সূত্র: আল জাজিরা
এসি//