বাবার সঙ্গে গাঁজা কিনতে এসে ভাইসহ কিশোরী আটক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা কিনতে এসে ১৪ বছর বয়সী এক কিশোরী ও তার খালাতো ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার আছিয়ার বাজার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক দুজন বগুড়া থেকে ফুলবাড়ীতে এসেছিলেন।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল আছিয়ার বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা তল্লাশি করে স্কুলব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো গাঁজা পাওয়া যায়। পরে ওই কিশোরী ও তার সঙ্গে থাকা যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, একই অটোরিকশায় থাকা এক ব্যক্তির কাছে আটক দুজনের পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে তাদের চেনেন না বলে দাবি করেন। তবে থানায় জিজ্ঞাসাবাদের সময় কিশোরী জানায়, ওই ব্যক্তি তার বাবা। পুলিশ বলছে, ঘটনাস্থলে তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন।
আটক যুবকের নাম মো. পায়েল মিয়া, বয়স ২২ বছর। তিনি বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। আটক কিশোরী বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তারা একে অপরের খালাতো ভাই-বোন।
জিজ্ঞাসাবাদে কিশোরী দাবি করেছে, তার বাবা তাকে প্রথমবারের মতো এ কাজে সঙ্গে এনেছেন। এর আগে সে কখনও ফুলবাড়ীতে আসেনি।
ঘটনার পর কিশোরীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। অপ্রাপ্তবয়স্কদের মাদক পরিবহনে ব্যবহার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক ইয়াছিন আলী জানান, স্কুলব্যাগে রাখা ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা ব্যক্তির পরিচয় গোপনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কিশোরীর বয়স বিবেচনায় আদালতের নির্দেশে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে। আর আটক যুবককে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।
এমএ//