বিশ্বকাপের আগমুহূর্তে ইংল্যান্ড শিবিররে চোরের হানা
বিশ্বকাপ মিশন শুরুর আগেই যুক্তরাষ্ট্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। কানসাস সিটিতে দলটির কিছু প্রশিক্ষণ সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
শনিবার (১৩ জুন) খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার পাম বিচ গার্ডেন্সে বিশ্বকাপের পূর্বপ্রস্তুতি ক্যাম্প শেষ করেছে ইংল্যান্ড। এক দিনের বিরতির পর দলের কানসাস সিটিতে যাওয়ার কথা। এর আগেই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের লজিস্টিকস টিম সোয়োপ সকার ভিলেজে দলের নতুন ঘাঁটি প্রস্তুতের কাজ শুরু করে।
সেখানে একটি ভ্যান থেকে মালামাল নামানোর সময় দেখা যায়, দলের কিছু সরঞ্জাম পাওয়া যাচ্ছে না। হারানো জিনিসের মধ্যে প্রশিক্ষণ কিটসহ আরও কিছু সামগ্রী থাকতে পারে বলে জানা গেছে। তবে ঠিক কী কী সরঞ্জাম নিখোঁজ হয়েছে, তা যাচাই করছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।
কানসাস সিটি মিসৌরি পুলিশ বিভাগ জানিয়েছে, দলীয় গাড়ি থেকে সরঞ্জাম নিখোঁজ হওয়ার অভিযোগ তারা তদন্ত করছে। এ ঘটনায় দুইজনকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।
বিশ্বকাপ সামনে রেখে শনিবার বিকেলে ইংল্যান্ডের একটি কমিউনিটি ট্রেনিং সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘এল’-এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।
এমএ//