ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে বিশেষ ধার হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মূলত ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল আন্দোলনকারী টানা কর্মসূচি চালিয়ে আসছেন।
এর ফলে ব্যাংকটির বিপুল সংখ্যক গ্রাহক একসঙ্গে আমানত উত্তোলন করতে শুরু করেন। এতে চাপ তৈরি হয়ে তারল্য সংকট দেখা দেয় এবং অনেক গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হয় ব্যাংকটি। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমার সংরক্ষণ অনুপাত (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
পরিস্থিতি সামাল দিতে ব্যাংকটি গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তার আবেদন করে। এর প্রেক্ষিতে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা অনুমোদন করা হলো।
এর আগে শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আহসান এইচ. মনসুর ইঙ্গিত দেন যে, ইসলামী ব্যাংকের তারল্য সংকট দ্রুত সমাধান হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না।
এসি//