ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়: ইসরাইল
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা থাকলেও নিজেদের সিদ্ধান্ত ও নিরাপত্তার বিষয়ে স্বাধীন অবস্থান ধরে রাখার বার্তা দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
তিনি বলেছেন, ইসরাইল কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অধীনস্থ নয়; বরং এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।
সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বেন-গভির বলেন, ইসরাইল এমন কোনো চুক্তির অংশ হবে না, যা দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়।
তিনি আরও উল্লেখ করেন, যে কোনো সমঝোতা বা চুক্তি ইসরাইলের স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিরাপত্তার নিশ্চয়তা না থাকলে কোনো চুক্তি তাদের জন্য বাধ্যতামূলক নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইতামার বেন-গভির আরও বলেন, হিজবুল্লাহকে নির্মূল করা ছাড়া অন্য কোনো বিষয়ে আমরা আপস করবো না, আমাদের যোদ্ধারা যে অঞ্চলগুলো দখল করে সন্ত্রাসী অবকাঠামোমুক্ত করেছে সেখান থেকে আমরা সরে আসব না, আমরা এমন পরিস্থিতিতে ফিরে যাব না যেখানে হাজার হাজার সন্ত্রাসী উত্তরের বসতিগুলোর ওপর নিয়ন্ত্রণ নেবে এবং অবশ্যই ইসরাইলের দিকে ছোড়া গুলির মুখে আমরা এক মুহূর্তের জন্যও চুপ থাকব না।
এদিকে ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগকারী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
কেন্ট সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইসরাইলকে দেওয়া সব সামরিক/গোয়েন্দা সহায়তা বন্ধ করে আমরা এই চুক্তি কার্যকর থাকার সম্ভাবনাকে আরও জোরদার করতে পারি। তারা এই চুক্তিটি বানচাল করার জন্য প্রতিটি সুযোগই কাজে লাগিয়েছে এবং আমরা ব্যবস্থা না নিলে সম্ভবত আবারও তাই করবে।
এসি//