আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি বিমান মহাসড়কের ওপর আছড়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং এতে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুন) মার্কিন বার্তাসংস্থা এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে লুপ–২০ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় পুলিশ বিভাগ জানায়, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লারেডো পুলিশ বিভাগের তদন্ত কর্মকর্তা হোসে বায়েজা জানান, রাত ১০টার কিছু পর বিমানটি মহাসড়কে আছড়ে পড়ে এবং সংঘর্ষের পরই আগুন ধরে যায়। নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গে মহাসড়কের দুই দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে রয়েছে এবং আগুনে দাউ দাউ করে জ্বলছে।

প্রত্যক্ষদর্শী জাইরা গারজা জানান, তিনি সহকর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার সময় ঘটনাটি দেখতে পান।

তার বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার পর তিনি দেখতে পান বিমানের ভেতরে থাকা একজন ব্যক্তি ককপিটের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন। পরে আশপাশের লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসে।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর বিমানের দরজা খুলে গেলে কিশোর বয়সী মনে হওয়া তিনজন দ্রুত বের হয়ে আসে। এরপর পাইলটের মতো দেখতে আরও একজন এবং পরে অচেতন অবস্থায় থাকা আরেক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে ওই প্রত্যক্ষদর্শী বলেন, “দৃশ্যটি ছিল যেন কোনো সিনেমার মতো। আগুন দেখে আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কারণ বিমানটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারত।”

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কীভাবে বিমানটি মহাসড়কে বিধ্বস্ত হলো সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন