জাতীয়

খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী

সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখে যেই বাজেট করা হয়েছে সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর ও গণবিরোধী হিসেবে আখ্যা দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সিলেটের মাটি থেকেই নির্বাচনের প্রচার শুরু হয়েছিল। হবিগঞ্জে ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

তিনি বলেন, মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ফ্যামিলি কার্ডের কথা বলেছি যা নির্বাচনের পরে এক মাস যাওয়ার আগেই বাস্তবায়ন শুরু করেছে সরকার। মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার।

তিনি আরও বলেন, বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসাসহ অনেক ক্ষেত্রে বরাদ্দ রেখেছে সরকার। যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে কিছু কিছু মানুষ সেই বাজেটকে চানাচুর ও গণবিরোধী বলে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন