দেশজুড়ে

জমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে জমজ কন্যাসন্তানের জন্ম দেওয়ায় এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নবজাতক দুই কন্যাসন্তানকে বিক্রি করে সেই টাকা দিয়ে দেনমোহর পরিশোধেরও হুমকি দিয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগী ও তার পরিবার।

উপজেলার নতুন কোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রিনা খাতুন (২২) ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে রাকিবুল ও রিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল। তবে রিনা অন্তঃসত্ত্বা হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে।

রিনা খাতুনের দাবি, গর্ভধারণের ছয় মাস পর চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাফি করালে তার গর্ভে জমজ কন্যাসন্তান রয়েছে বলে জানা যায়। এরপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তার প্রতি বিরূপ আচরণ শুরু করেন। একপর্যায়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

রিনার অভিযোগ, বাবার বাড়িতে থাকার সময় অস্ত্রোপচারের মাধ্যমে তিনি দুটি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে শিশু দুটির বয়স দেড় মাস হলেও স্বামী কিংবা শ্বশুরবাড়ির কেউ তাদের দেখতে আসেননি। এমনকি সন্তানদের ভরণপোষণের দায়িত্বও নেননি তারা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। কন্যাসন্তানের জন্মকে কেন্দ্র করে এমন আচরণকে অমানবিক বলে অভিহিত করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন