দেশজুড়ে

পাঁচ দিনের যমজ কন্যাসন্তান রেখে উধাও মা, দিশেহারা বাবা

মাত্র পাঁচ দিনের যমজ দুই কন্যাশিশুকে বাড়িতে রেখে হঠাৎ নিখোঁজ হয়েছেন মারিয়া নামে এক নারী। মায়ের অনুপস্থিতিতে নবজাতক দুটির বেঁচে থাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা সাকিব হোসেন।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরশহরের ধারিয়াল গ্রামে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতক দুটির নাম রাখা হয়েছে মাহা ও মানহা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ঘাটাইল পৌর এলাকার ব্যবসায়ী ময়েন উদ্দিনের মেয়ে মারিয়ার সঙ্গে ধারিয়াল গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাকিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। তখন সাকিবের বয়স ছিল ১৭ বছর এবং মারিয়ার ১৫ বছর।

তাদের বিয়ে দুই পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় একপর্যায়ে তারা বাড়ি ছেড়ে চলে যান। পরে সাকিবের পরিবার তাদের বিয়ে মেনে নিয়ে বাড়িতে ফিরিয়ে নেয়।

গত ১৩ আগস্ট স্থানীয় হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ দুই কন্যাসন্তানের জন্ম দেন মারিয়া। সন্তানদের নিয়ে পরে স্বামী সাকিবের বাড়ি ধারিয়ালে ফিরে আসেন তিনি।

তবে ১৭ আগস্ট রাতে পরিবারের কাউকে কিছু না জানিয়ে নবজাতক দুই সন্তানকে বাড়িতে রেখে চলে যান মারিয়া। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পাঁচ দিনের দুই শিশুকে মায়ের অনুপস্থিতিতে রেখে যাওয়ায় তাদের নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সাকিব হোসেন বলেন, দুই নবজাতককে নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন। সন্তানদের জন্য প্রয়োজনীয় অনেক কিছুই ব্যবস্থা করা সম্ভব হলেও মায়ের অভাব পূরণ করা সম্ভব নয়। মারিয়া কোথায় গেছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

সাকিবের অভিযোগ, তাদের বিয়ে তার শ্বশুর-শাশুড়ি মেনে নেননি। তাদের প্ররোচনায় মারিয়া এভাবে চলে যেতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।

মারিয়ার বাবা ময়েন উদ্দিনও জানান, তার মেয়ে বর্তমানে কোথায় বা কী অবস্থায় আছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, মারিয়া নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে খুঁজে বের করে নবজাতক দুই সন্তানের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন