জাতীয়

মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধীদের দমন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে বলেন, যেকোনো মূল্যে ওই এলাকার অপরাধীদের নির্মূল করে মোহাম্মদপুরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদপুরের বর্তমান অপরাধ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই এলাকা দীর্ঘদিন ধরেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। তবে দ্রুতই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে পুরো এলাকা নিয়ন্ত্রণে আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গতিশীল ও কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করছে, যা ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।

এ সময় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি দাবি করেন, প্রয়োজনীয় সব মামলার নথিপত্র ও তথ্য সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে, যার ভিত্তিতেই এই পদক্ষেপ সম্ভব হয়েছে।

আশা প্রকাশ করে তিনি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে।

পুলিশ বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, একসময় সাধারণ মানুষের মধ্যে ধারণা ছিল পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কিন্তু বর্তমানে বাহিনী তাদের পূর্বের সক্রিয়তা ও মর্যাদা ফিরে পেয়েছে।

তিনি আরও জানান, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, যার স্বীকৃতিস্বরূপ তাদের আজ পুরস্কৃত করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন