বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়: মির্জা ফখরুল
জনগণের সমর্থন নিয়ে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে দাবি করে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো একদলীয় শাসন ব্যবস্থার রাজনীতিতে বিশ্বাস করে না। বরং গত পাঁচ দশক ধরে দলটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে আসছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেছেন।
জামায়াত প্রসঙ্গে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এটি একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল এবং তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না।
এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।
মির্জা ফখরুল জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থ ও মর্যাদা বজায় রেখে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সরকারের তিন মাসের মধ্যেই বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাতার ব্যবস্থাও করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর থাকা উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠেরপুলের পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এর আগে উত্তর ইসলামপুরে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন মির্জা ফখরুল। পরে উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন তিনি।
এসি//