আন্তর্জাতিক

কাতারের এলএনজি কেন্দ্রে বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া আরও ১৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

সোমবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থাপনাটিতে অভ্যন্তরীণ বিস্ফোরণের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটেছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

বিস্ফোরণের খবর পাওয়ার পর উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। শুরুতে হতাহতের কোনো তথ্য না মিললেও পরে আহত ও নিখোঁজের সংখ্যা প্রকাশ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ফলে কোনো গ্যাস লিকেজের ঘটনা ঘটেনি। ফলে আশপাশের জনসাধারণের জন্য তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়নি।

শিল্পাঞ্চলটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানায়, বারজান গ্যাস প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণের পর জরুরি সেবা প্রদানকারী দল দ্রুত ব্যবস্থা নেয় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দোহার প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ এই শিল্পনগরী থেকেই আসে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন