জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র খাইরুল ইসলাম
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ জুন) সকালে তাকে এক আত্মীয়ের জিম্মায় মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, খাইরুল ইসলামের বিরুদ্ধে ওঠা কয়েকটি অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে রোববার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাইরুল ইসলামকে প্রথমে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সরকার পরিবর্তনের পর একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি এবং তা না পাওয়ায় প্রতিষ্ঠানটির একটি গাড়ি আটকে রাখার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরবর্তীতে ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে, ডিবি হেফাজতে নেওয়ার পরপরই খাইরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
এমএ//