মেসির জাদুতে উচ্ছ্বাসে ভাসলেন শোবিজ তারকারা
লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে দলের সাফল্যের মূল কারিগর ছিলেন অধিনায়ক নিজেই। তার জোড়া গোলেই প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। আর প্রিয় তারকার এমন ঝলমলে পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ।
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জয় উদযাপনের পাশাপাশি মেসির প্রশংসায় মেতেছেন তারা। সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি পরে ছবি শেয়ার করে দলের প্রতি নিজের সমর্থনের কথা জানান। ছবির পেছনে টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছিল মেসির খেলার মুহূর্ত।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও মেসির অর্জন নিয়ে পোস্ট করেন। তার মতে, ফুটবল ইতিহাসে মেসি নিজের অবস্থানকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করে চলেছেন।
চিত্রনায়িকা পূর্ণিমা গায়ে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে কেক কাটার ছবি শেয়ার করে জানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসাই তাকে এখানে এনেছে এবং আর্জেন্টিনা তাকে আটকে রেখেছে।
ব্রাজিল সমর্থক হিসেবেই পরিচিত অভিনেতা শরিফুল রাজও মেসির কৃতিত্বকে স্বীকার করে নিয়েছেন। মাঠের একটি ছবি শেয়ার করে তিনি মেসির গোলরেকর্ডকে ‘জাদুকরী’ বলে মন্তব্য করেন।
নির্মাতা আশফাক নিপুন মেসির গোল করার ধারাবাহিকতা নিয়ে রসিকতাপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, একসময় যেখানে পুরো টুর্নামেন্টে পাঁচ গোল করাই বড় অর্জন ছিল, সেখানে মেসি কয়েক ম্যাচেই সেই সংখ্যায় পৌঁছে যাচ্ছেন।
মেসির জনপ্রিয়তার প্রসঙ্গও উঠে এসেছে অনেক তারকার পোস্টে। নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, দল ভিন্ন হতে পারে, তবে মেসিকে ভালোবাসার ক্ষেত্রে বিভাজন নেই। সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে মেসির পারফরম্যান্সকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন।
সংগীতশিল্পী তাসরিফ খান সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসির একটি ছবি পোস্ট করে তার প্রতি নিজের মুগ্ধতার কথা জানান। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার ছবি শেয়ার করে বলেন, মেসির প্রতি ভালোবাসাই তাকে এই দলের সমর্থকে পরিণত করেছে।
অভিনেত্রী জাকিয়া বারী মম মেসির সঙ্গে তোলা একটি পুরোনো ছবি প্রকাশ করে দলের জয় উদযাপন করেন। একইভাবে অভিনেত্রী কেয়া পায়েল আর্জেন্টিনার জার্সি পরা নিজের ছবি দিয়ে সমর্থকদের অনুভূতি জানতে চান।
এছাড়া চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমিও আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখার প্রস্তুতির ছবি শেয়ার করে দলের প্রতি নিজের সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
মাঠে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার জয় যেমন সমর্থকদের আনন্দ দিয়েছে, তেমনি বাংলাদেশের শোবিজ অঙ্গনেও ছড়িয়ে দিয়েছে উৎসবের আমেজ।
পি/ডি