আইন-বিচার

জুলাই হত্যাকাণ্ডে হাছান মাহমুদসহ ২২ জনের বিচার নিয়ে সিদ্ধান্ত আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আদেশ দেওয়া হবে আজ।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ বিষয়ে আদেশ ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আদেশ দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচ আসামি হলেন—চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু। তাদের মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

এর আগে, অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানি শেষ হয় সোমবার। টানা তিন কার্যদিবস তারা অব্যাহতির আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান দাবি করেন, কারও বিরুদ্ধেই অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান নেই।

এদিকে পলাতক আসামিদের পক্ষেও অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। তবে গত ২২ জুন মামলার প্রাথমিক দায় বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।

এর আগে ৭ এপ্রিল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর দুই দিন আগে ৫ এপ্রিল প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন